পরিদর্শক নিয়োগ ও ক্ষমতা

 নবম অধ্যায়


পরিদর্শক নিয়োগ, ক্ষমতা, ইত্যাদি


পরিদর্শক

৪৭। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে পরিদর্শক হিসাবে নিয়োগ করিতে পারিবে:


তবে শর্ত থাকে, কোনো ব্যক্তিকে পরিদর্শক হিসাবে নিয়োগ করা যাইবে না, যদি ঔষধ ও কসমেটিকস্ এর উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় বা বিপণনের সহিত তাহার আর্থিক স্বার্থের সংশ্লিষ্টতা থাকে।


(২) প্রত্যেক পরিদর্শক Penal Code (Act XLV of 1860) এর section 21 এ public servant (জনসেবক) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন।


পরিদর্শকের ক্ষমতা

৪৮। (১) ধারা ৪৭ এর উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত পদ্ধতিতে, প্রত্যেক পরিদর্শক, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানীয় অধিক্ষেত্রে এবং, লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমতিক্রমে উক্ত অধিক্ষেত্র ছাড়াও অন্য এলাকা বা অধিক্ষেত্রে,-


(ক) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ এর উৎপাদনের স্থান, উৎপাদনের প্ল্যান্ট এবং উৎপাদন সক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া, নির্ধারিত মান প্রমিতীকরণ এবং পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত উপকরণ এবং তৎসংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার পরিদর্শন ও যাচাই করিতে পারিবেন;


(খ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামাল ও মোড়ক সামগ্রী এবং আমদানিকৃত ঔষধ ও কসমেটিকস্ এর সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরিদর্শন করিতে পারিবেন;


(গ) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ বিক্রয়ের স্থান অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকরণ, প্রদর্শন বা বিতরণের স্থান ও মজুতকরণের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার পরিদর্শন করিতে পারিবেন;


(ঘ) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ এর নমুনা, যাহা উৎপাদন, বিক্রয় বা মজুত অথবা বিক্রয়ের জন্য প্রদর্শন বা বিতরণ করা হইতেছে, তাহা সংগ্রহ করিতে পারিবেন;


(ঙ) কোনো ভবন বা স্থানে অথবা স্থল, জল বা আকাশপথের কোনো যানবাহনে এই আইন বা বিধি মোতাবেক কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, সংঘটিত হইতেছে বা সংঘটনের সম্ভাবনা রহিয়াছে মর্মে প্রতীয়মান হইলে, স্বয়ং বা, প্রয়োজনে, যথাযথ কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট যেরূপ সহায়তা প্রয়োজন মনে করিবেন, সেইরূপ সহায়তা গ্রহণক্রমে সংশ্লিষ্ট ভবন, স্থান বা যানবাহনে যুক্তিসংগত সময়ে প্রবেশ ও তল্লাশি করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট ঔষধ, কসমেটিকস্ ও সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী জব্দ বা আটক করিতে পারিবেন;


(চ) এই আইন বা বিধির অধীন তল্লাশি বা জব্দকালে এবং এই আইন বা বিধি মোতাবেক সংঘটিত অপরাধের তদন্তকালে নিকটবর্তী এলাকা হইতে যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত থাকিবার জন্য তলব করিতে পারিবেন;


(ছ) এই আইন বা বিধি মোতাবেক সংঘটিত অপরাধের বিষয়ে বিবৃতি, সহায়তা বা তথ্য প্রদানের জন্য, যুক্তিসংগত সময়ে যে কোনো ব্যক্তিকে উপযুক্ত স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইবার জন্য তলব করিতে পারিবেন:


তবে শর্ত থাকে, এই দফার অধীন উপস্থিতির জন্য তলবের ক্ষেত্রে Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর section 132 এবং 133 এ উল্লিখিত অব্যাহতির বিধান প্রযোজ্য হইবে;


(জ) কোনো কারখানা, পরীক্ষাগার, দোকান, ফার্মেসী, ভবন, মজুতাগার বা গোডাউনে, যে স্থানে এই আইনের অধীন প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত বা বিক্রয়ের জন্য প্রদর্শন বা বিতরণ করা হইতেছে অথবা যে স্থানে এই আইন বা বিধি মোতাবেক কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, সংঘটিত হইতেছে বা সংঘটনের সম্ভাবনা রহিয়াছে মর্মে প্রতীয়মান হইলে, সেই স্থান বা স্থানসমূহ তালাবদ্ধ ও সিলগালা করিতে পারিবেন;


(ঝ) কোনো উৎপাদন স্থান হইতে উক্ত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে, যুক্তিসংগত সময়ের জন্য, অনূর্ধ্ব ৩(তিন) মাস, তাহার ঔষধ, কসমেটিকস্ এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী অথবা এই আইন বা বিধির অধীন কোনো অপরাধ সংক্রান্ত সাক্ষ্য হিসাবে ব্যবহার হইতে পারে এইরূপ কোনো ঔষধ, কসমেটিকস্ বা জিনিসপত্র অপসারণ করিবার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করিতে পারিবেন; এবং


(ঞ) এই আইন বা বিধির উদ্দেশ্য পূরণকল্পে, প্রাসঙ্গিক হইতে পারে এইরূপ সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।


(২) উপধারা (১) এর অধীন পরিদর্শক কর্তৃক ক্ষমতা প্রয়োগকালে তাহাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা প্রদান করিতে পারিবেন না।


(৩) এই আইনের অধীন পরিচালিত তল্লাশি, জব্দ এবং আটকের ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানাবলি, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রযোজ্য হইবে।